সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্ক যৌন বিনোদনভিত্তিক একটি ব্যবসার জন্য কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন।
এপস্টিন-সংক্রান্ত প্রকাশিত নথির বরাত দিয়ে শুক্রবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এডিস নামের একটি প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ খুঁজছিলেন ক্যামি ক্লার্ক। প্রতিষ্ঠানটি নিজেদের ‘ফ্রি লাক্সারি পর্ন কোম্পানি’ হিসেবে পরিচয় দিত।
দারিও আমোদেই গত চার বছর ধরে ক্যামি ক্লার্কের সঙ্গে বিবাহিত। তবে তার স্ত্রী সম্পর্কে প্রায় সব তথ্যই ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এপস্টিন-সংক্রান্ত নথিতে ক্যামি ক্লার্কের নামে পাঠানো বলে মনে হওয়া কয়েকটি ইমেইলও প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নথি অনুযায়ী, এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে পরিচয়ের পর ২০১১ সালের মার্চে এপস্টিনকে ইমেইল করে তার সঙ্গে নৈশভোজে দেখা করার আগ্রহ প্রকাশ করেন ক্যামি ক্লার্ক।
এর পরের সপ্তাহে তিনি একটি পিডিএফ ফাইল পাঠান। এর সঙ্গে তিনি লেখেন, ‘আমরা ভেবেছিলাম, আপনি এবং আপনার সঙ্গিনীরা আমাদের প্রথম চারটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট ও ট্রিটমেন্ট দেখতে পছন্দ করবেন। আমেরিকান গার্ল ইন প্যারিস চলচ্চিত্রটি কিছুটা প্রাপ্তবয়স্কদের জন্য।’
টেলিগ্রাফ জানায়, ক্যামি ক্লার্কের দাদির নামে প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছিল এডিস। এর স্লোগান ছিল ‘ইন্টেলেকচুয়ালি প্রমিসকুয়াস’। প্রতিষ্ঠানটির একটি ব্লগও ছিল। সেখানে ‘লেডি পর্ন ডে’ এবং ‘অর্গাজম, ইনক’-এর মতো শিরোনামে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হতো। পরে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
এক বছর পর এপস্টিনের সঙ্গে আবার যোগাযোগ হয় ক্যামি ক্লার্কের। এপস্টিন-সংক্রান্ত নথি থেকে জানা যায়, শুরুতে তিনি ক্যামি ক্লার্ককে মনে করতে পারেননি।
ক্যামি ক্লার্ক তখন তার প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে এপস্টিনকে জিজ্ঞেস করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি অপরাহ উইনফ্রের নেটওয়ার্ক থেকে একজন এবং অ্যাশটন কুচারের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরেকজনকে নিয়োগ দিয়েছে।
তিনি লেখেন, ‘আপনি কি এখনো আগ্রহী? আমরা হয়তো আরেক দফা বিনিয়োগ সংগ্রহ করতে যাচ্ছি।’
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে যৌন ব্যবসায় যুক্ত করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এপস্টিন জবাব দেন, ‘টিভিতে যৌনতা নিয়ে কাজ করতে পারব না।’
প্রতিবেদনে বলা হয়, এরপর ক্যামি ক্লার্ক নারীদের জন্য তৈরি একটি ‘সোশ্যাল ডায়েটিং অ্যাপের’ প্রস্তাব দেন। অ্যাপটি ফিটবিটের মতো বিভিন্ন যন্ত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে ব্যবহারকারীর খাবার, মেজাজ ও মাসিক চক্রের তথ্য যুক্ত করত। এসব তথ্য ফেসবুকের মতো একটি সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করা যেত।
নথি অনুযায়ী, প্রায় দুই বছর ধরে দুজনের মধ্যে ইমেইলে যোগাযোগ হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ক্যামি ক্লার্ক ও এপস্টিনের এই যোগাযোগের তথ্য প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে অ্যানথ্রপিকের মতো বিশ্বের অন্যতম বড় এআই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই ব্যক্তিগত পরিসরের মানুষটির বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে।
দারিও আমোদেইয়ের স্ত্রী কে, এ প্রশ্ন করা হলে অ্যানথ্রপিকের তৈরি এআই চ্যাটবট ক্লড প্রথমে তার বোন ড্যানিয়েলা আমোদেইয়ের নাম উল্লেখ করে। পরে ভুল সংশোধন করে ক্লড জানায়, দারিও আমোদেইয়ের স্ত্রী আছেন কি না বা তার পরিচয় কী, সে বিষয়ে তার কাছে নির্ভরযোগ্য তথ্য নেই।
ক্যামি ক্লার্ক অ্যানথ্রপিকে কাজ করেন না। তবে প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যমানের এই প্রতিষ্ঠানের প্রধান দারিও আমোদেইকে তিনি পরামর্শ দেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দারিও আমোদেইয়ের সঙ্গে গুগলের সাবেক প্রধান এরিক শ্মিটের পরিচয় করিয়ে দেন ক্যামি ক্লার্ক। এর আগে তিনি শ্মিটের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে শ্মিট অ্যানথ্রপিকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক বিনিয়োগকারী হন।
এপস্টিন-সংক্রান্ত এসব নথি প্রকাশের মধ্যেই অ্যানথ্রপিক শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর প্রস্তুতি নিচ্ছে। আইপিও হলে প্রতিষ্ঠানটির মূল্যমান ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই মূল্যায়ন অর্জন করতে পারলে অ্যানথ্রপিক ইলন মাস্কের স্পেসএক্সের সাম্প্রতিক বাজার মূল্যমানকেও ছাড়িয়ে যাবে। এতে দারিও আমোদেই বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে পারেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য অ্যানথ্রপিকের সঙ্গে টেরলিগ্রাফ একাধিকবার যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।

