পদত্যাগ করবেন ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, পরে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন লেভিট।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২৮ বছর বয়সী লেভিট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সর্বকনিষ্ঠ প্রধান মুখপাত্র। ট্রাম্পের অত্যন্ত অনুগত একজন সমর্থক হিসেবে পরিচিত তিনি। প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠা সংবাদ ব্রিফিংয়ে সাবলীল ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে এসেছেন লেভিট।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ক্যারোলিন লেভিট একজন অসাধারণ প্রেস সচিব এবং আমার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের অন্যতম। তিনি তার ছোট সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য চলতি মাসের শেষে তার দায়িত্ব ছাড়বেন।’

‘হোয়াইট হাউসের বাইরের অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবে ক্যারোলিন এখন আমার হয়ে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির ভেতরে একজন প্রভাবশালী কণ্ঠ হিসেবে থাকবেন।’

মে মাসে লেভিট তার দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের কথা জানান।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে এক বন্দুকধারী ট্রাম্পকে হত্যার চেষ্টা করার পর মাতৃত্বকালীন ছুটি পিছিয়ে দেন লেভিট। ওই ঘটনার কয়েক দিন পর তিনি তার মাতৃত্বের কথা জানান।

ছুটি কাটিয়ে দায়িত্বে ফিরে আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই লেভিটের পদত্যাগের ঘোষণা এলো।

ট্রাম্পের কাছ থেকে পদত্যাগের ঘোষণা আসার পর লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘হোয়াইট হাউসে প্রেসিডেন্টের হয়ে কথা বলার বিশেষ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

‘উদারপন্থী গণমাধ্যমকে জবাবদিহির মধ্যে রাখা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য সম্পর্কে মার্কিন জনগণকে সত্য জানানোর কাজ আমি উপভোগ করেছি’, যোগ করেন তিনি।

মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে এসে লেভিট লেখেন, প্রেস সেক্রেটারি হিসেবে প্রয়োজনীয় মনোযোগ দেওয়ার পাশাপাশি তিনি তার দুই ছোট সন্তান যে সেরা মাকে পাওয়ার যোগ্য, সেই মা হতে পারছেন না বলে মনে মনে অনুভব করেছেন।

লেভিট ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী।

২০২১ সালে শেষ হওয়া ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি তার প্রেস অফিসে কাজ করেছেন।

এরপর ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্পের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেস সেক্রেটারি হিসেবে লেভিটের মেয়াদে নিয়মিত সংবাদ ব্রিফিং আবার চালু হয়, যা ট্রাম্পের প্রথম মেয়াদে ধীরে ধীরে কমে গিয়েছিল।

তার মেয়াদকালে সাংবাদিকদের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগের ধরনেও বড় ধরনের পরিবর্তন আসে।

নিউ হ্যাম্পশায়ারে বেড়ে ওঠেন লেভিট। সেখানে তার পরিবার একটি আইসক্রিমের দোকান চালাত।

Related Articles

Latest Posts