সরকারের নাম ভাঙিয়ে ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

সরকারের নাম ভাঙিয়ে কিংবা ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘কে কার সঙ্গে পরিচিত—এ সরকারের অধীনে এসব চলবে না। আমরা কোনো পৃষ্ঠপোষকতার ব্যবসা করতে দেব না। যে যত বড় মন্ত্রী হোক, যত ক্ষমতাবান লোকই হোক, এ সুযোগ নেই।’

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

বৈঠকে বন্দর ও কাস্টমসের জটিলতা নিরসন, পণ্য খালাসে দীর্ঘসূত্রতা কমানো, বন্দর ব্যবস্থাপনায় গতি ফেরানো ও ব্যবসার খরচ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘পোর্ট ও কাস্টমসের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনটি কত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, সেটিও নির্ধারণ করা হয়েছে।’

‘কাস্টমস এবং বন্দরের মধ্যে একটি যৌথ কমিটি হতে যাচ্ছে। তারা যেকোনো সমস্যা একসঙ্গে বসে সমাধান করবে,’ যোগ করেন তিনি।

অর্থমন্ত্রীর ভাষ্যে, পোর্ট ও কাস্টমস সমন্বিতভাবে কাজ করলে কম সময়ে পণ্য খালাস ও রপ্তানি কার্যক্রম শেষ হবে। এতে ব্যবসায়ীদের খরচ কমবে এবং বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

এনসিটি পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্দর দেশি বা বিদেশি, যে প্রতিষ্ঠানের হাতেই থাকুক—জনগণ, ব্যবসা, শিল্প ও দেশের অর্থনীতির স্বার্থে তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।’

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে সরকার অর্থনীতিকে সহজ করা, ডিরেগুলেশন ও কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Latest Posts