ব্রাজিলের ভারতে খেলার খবর নিশ্চিত হয়েছিলো আগেই। প্রতিপক্ষ নিশ্চিত ছিলো না। গুঞ্জন সত্য করে শেষ পর্যন্ত স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে
ভারতীয় ফুটবল ইতিহাসে এক অনন্য ও অভাবনীয় অধ্যায় যোগ হতে চলেছে।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ব্লকবাস্টার ম্যাচের ঘোষণা দিয়েছে।
১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এটিই হতে চলেছে ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে সেলেসাওরা।
এই ঐতিহাসিক ম্যাচ প্রসঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপ-মহাসচিব এম সত্যনারায়ণ বলেন, ‘ব্রাজিলের মতো একটি দেশকে আমাদের দেশে স্বাগত জানানো অত্যন্ত গর্বের বিষয়। এটি ভারতীয় ফুটবলের ইতিহাসে নিশ্চিতভাবেই একটি মাইলফলক হয়ে থাকবে।’
জাতীয় দলের পরিচালক সুব্রত পাল এই ম্যাচটিকে দেখছেন বড় সুযোগ হিসেবে। তার কথায়, ‘আমাদের খেলোয়াড়দের জন্য এটি কেবলই আরেকটি ম্যাচ নয়। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটি দলের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেওয়ার এবং বড় স্বপ্ন দেখার এটি এক দুর্লভ সুযোগ।’
এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতে আসবে ব্রাজিল দল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ফিফা উইন্ডোতে সেলেসাওদের তৃতীয় ম্যাচটি হবে কলকাতার মাটিতেই।
বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিলেও ভারতীয় সমর্থকদের মাঝে ব্রাজিলের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বিশেষ করে কলকাতায় টুর্নামেন্টের সময় যেভাবে হলুদ ও সবুজ রঙে রাস্তাঘাট সেজে ওঠে, তাতেই স্পষ্ট হয়ে ওঠে এ দেশের মানুষের ব্রাজিলপ্রীতি। এবার ঘরের মাঠে প্রিয় তারকাদের সামনাসামনি দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

