আগের সব নিয়োগ বাতিল করে ৮৬ জনকে ডিএজি ও ১৭৯ জনকে এএজি নিয়োগ

সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে ও ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের পর এসব নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এসব নিয়োগ দিয়েছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে রাষ্ট্রের আইনজীবী প্যানেলে এ পরিবর্তনের কারণ বা নতুন আইন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল ও তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, আগের অধিকাংশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কয়েকজন আইনজীবীকেও ডিএজি ও এএজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে পুনর্নিয়োগপ্রাপ্ত ও নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি সূত্র জানায়, অনিয়মের অভিযোগ ওঠা অন্তত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

Related Articles

Latest Posts