হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও দলটির শীর্ষ নেতাদের কর্মসূচিতে যেতে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
বুধবার রাতে এক বিবৃতিতে ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
তিনি আরও বলেন, বুধবার হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করে আটকে দেয় পুলিশ।
পুলিশের এ পদক্ষেপকে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক বক্তব্যের কারণে কারও ওপর হামলার স্থান গণতন্ত্রে নেই। কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে, সন্ত্রাসের মাধ্যমে নয়।
তিনি আরও অভিযোগ করেন, সরকার রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ‘সন্ত্রাসীদের’ লেলিয়ে দিয়েছে।
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। পাশাপাশি ভবিষ্যতে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নাগরিকদের মৌলিক অধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়।

