মেসিকে ছাড়াই অল-স্টার ম্যাচে নামবে এমএলএস, খেলবেন না ডি পলও

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টারের হয়ে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারের বিপক্ষে খেলবেন না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ে দেখা যাবে না আর্জেন্টাইন এই মহাতারকাকে।

এমএলএস কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। মেসি ছাড়াও এমএলএসের আরও তিন ফুটবলার অল-স্টার ম্যাচটিতে অংশ নেবেন না। তাদের মধ্যে আছেন মায়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দি পল। বাকি দুজন হলেন হুগো কাইপার্স ও ম্বেকেজেলি ম্বোকাজি।

আর্জেন্টিনাকে সবশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে অসাধারণ নৈপুণ্য দেখান মেসি। তবে নিউজার্সিতে গত রোববার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের। বিশ্বকাপে দলের আট ম্যাচের সবকটিতেই খেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেসি। আর মিডফিল্ডার দি পল মাঠে ছিলেন আট ম্যাচের সাতটিতে।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়ে সতীর্থ হিসেবে থাকা মেসি ও দি পলকে বিশ্রাম দিয়েছে মায়ামি, যাতে দীর্ঘ বিশ্বকাপ অভিযানের ক্লান্তি তারা কাটিয়ে উঠতে পারেন। দুই মাস বিরতির পর এমএলএস মাঠে গড়ালেও মায়ামির শেষ দুটি ম্যাচে ছিলেন না এই দুজন।

এই নিয়ে টানা তিন বছর এমএলএস অল-স্টার দলে জায়গা পেলেও এখনও প্রদর্শনীমূলক এই ম্যাচে মাঠে নামা হয়নি মায়ামি অধিনায়ক মেসির। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত বছর এই ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার মায়ামির পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছে যে মেসি অংশ নেবেন না।

গত বৃহস্পতিবার এমএলএসের ক্লাব শিকাগো ফায়ার থেকে মেক্সিকান ক্লাব সিএফ মন্তেরেতে পাড়ি জমিয়েছেন কাইপার্স। ফলে অল-স্টার দলে জায়গা হারিয়েছেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। আর চোটের কারণে ছিটকে গেছেন শিকাগোর আরেক ফুটবলার ম্বোকাজি। এই দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার সবশেষ বিশ্বকাপে অংশ নেন।

এই চারজনের স্থানে নতুন চার খেলোয়াড়কে অল-স্টার দলে যোগ করা হয়েছে। তারা হলেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কিউবাস, হিউস্টন ডায়নামোর গিলের্মে ও শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।

আগামী বৃহস্পতিবার সকালে শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারের মুখোমুখি হবে এমএলএস অল-স্টার।

Related Articles

Latest Posts