ফেনীর পরশুরাম সীমান্তে শিশুসহ সাতজন এবং দিনাজপুরের বিরামপুর সীমান্তে নয়জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দূর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে শিশুসহ সাত ভারতীয় নাগরিককে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজনগর সংলগ্ন এমএলের বাগানে ও বিজিবির শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ ২১৪৫ নম্বর সীমানা পিলারের কাছে সাতজন ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন।
রাজনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে বিজিবির অবস্থানের মুখে বিএসএফের ওই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়।
আজ সকাল ১০টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায় বিএসএফ।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ৬ নারী ও এক শিশু রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।’
আজ দুই দফায় বিরামপুর উপজেলার খিয়ার মামুদপুর সীমান্তের ২৯১/২০-এস সীমানা পিলারের পাশ দিয়ে নয়জনকে বাংলাদেশ সীমান্তের ভেতরে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
ভোর সাড়ে ৪টার দিকে প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর, সকাল ৭টার দিকে বিএসএফের প্রায় ৩০ জন সদস্য তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে পুনরায় পুশ-ইনের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ সদস্যদের বাগ্বিতণ্ডা হয়।
বিজিবি ও স্থানীয়দের বরাতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘শনিবার ভোরে ওই নয়জনকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন।’
নাম প্রকাশ না করার শর্তে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক সদস্য ডেইলি স্টারকে জানান, ২৯১/২০-এস সীমানা পিলারের কাছে ভারতের অভ্যন্তরে একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যদের সঙ্গে ওই নয়জনকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।
তিনি বলেন, ‘আমরা বিএসএফের ভিমপুর ক্যাম্পের কমান্ডারকে জানিয়েছি, যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’
এছাড়া, আজ ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার পুরুষ ও দুই নারীকে জোর করে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

