গার্দিওলার আগে আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছিল ইতালি

নতুন জাতীয় দলের কোচ খোঁজার পথে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনায় বসার আগেই কার্লো আনচেলত্তিকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি।

২০২৬ বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে পদত্যাগ করেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক সময়ে এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো জানান, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে তার বেতনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মালদিনি জানান, গার্দিওলার আগে তাদের প্রথম পছন্দ ছিলেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি।

‘আমরা এটা লুকাতে চাই না যে, পেপের সঙ্গে কথা বলার আগে কার্লোর সঙ্গেও আলোচনা করেছি,’ বলেন মালদিনি।

তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে, আমরা যাদের বিশ্বের সেরা কোচ মনে করি, তাদের দিয়েই শুরু করা উচিত ছিল।’

মালদিনি ও আনচেলত্তি ইতালি জাতীয় দল এবং এসি মিলানে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। বর্তমানে ৬৭ বছর বয়সী আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আছেন। ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে বিদায়ের পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, আনচেলত্তিই দায়িত্বে থাকছেন।

ইতালির নতুন কোচ নিয়োগের বিষয়ে মালদিনি বলেন, ‘আদর্শভাবে আমরা সপ্তাহ শেষ হওয়ার আগেই একজন কোচ নিয়োগ দিতে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক মানুষকে খুঁজে পাওয়া।’

এদিকে ইতালীয় সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, গুয়ার্দিওলা বছরে ২ কোটি ইউরো বেতন চেয়েছেন, যা ইতালির প্রস্তাবিত অঙ্কের প্রায় দ্বিগুণ।

এ বিষয়ে মালদিনি বলেন, ‘এই মুহূর্তে কী হচ্ছে, সে বিষয়ে সত্যি বলতে আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই।’

ম্যানচেস্টার সিটিতে এক দশকের দায়িত্বে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন গুয়ার্দিওলা। ইতালির কোচ হওয়ার দৌড়ে আরও রয়েছেন সাবেক কোচ আন্তোনিও কন্তে, রবার্তো মানচিনি এবং সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।

Related Articles

Latest Posts