এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান।

অপর আসামিরা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মুস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

আসামিদের মধ্যে আমিনুরকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল মঙ্গলবার পল্লবী থানায় এ মামলা করা হয় বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছে এবং আগামী ২৮ আগস্টের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

গ্রেপ্তার আমিনুর পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত এবং তিনি মামলার বাদী ওবায়দুরের চাচাতো ভাই বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার অনুযায়ী, বাদী ওবায়দুর আসামি গাজী নজরুলের ভাড়া করা প্রাইভেটকার চালাতেন। সম্প্রতি মগবাজারের একটি ফ্ল্যাটের কিছু ভিডিও প্রকাশ হলে এর পেছনে ওবায়দুরের সংশ্লিষ্টতা আছে সন্দেহ করে তাকে হত্যার হুমকি দেন গাজী নজরুল। গত ১৪ জুলাই আসামিরা কালশীতে বাদী ওবায়দুরের বোনের বাসায় গিয়ে তাকে মারধর করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে বাদীর মা ও বোন তাকে উদ্ধার করে।

এদিকে, অভ্যন্তরীণ তদন্তে ‘নৈতিক স্খলনের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Related Articles

Latest Posts