চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ২০২৩ সালে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রুবেল (৩৫) একজন সবজি বিক্রেতা।
আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সাইফুর রহমান এ রায় দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল-চৌধুরী মারুফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে শিশুটির মা থানায় গেলে পুলিশ শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) নেয়।
সাতদিন পরও মেয়ের সন্ধান না পেয়ে ২৮ মার্চ প্রতিবেশী রুবেলকে আসামি করে আদালতে অপহরণ মামলা করেন শিশুর মা। আদালত পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রুবেলকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। রুবেলের বর্ণনা অনুযায়ী পরের দিন ২৯ মার্চ এক পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পিবিআই।
পিবিআই জানায়, বিড়ালছানা এনে দেওয়ার কথা বলে শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলে রুবেল। ২১ মার্চ বিকেলে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে জানাজানির ভয়ে তাকে গলা টিপে হত্যা করে রুবেল। পরে রাতে বস্তায় ভরে শিশুটির মরদেহ ওই পুকুরে ফেলে দেয়।

