বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’র প্রধান চরিত্র ফুনসুক ওয়াংডু বা রাঞ্চো কি লাদাখের শিক্ষাবিদ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অবলম্বন করে তৈরি? বহুদিনের এই বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে ২০০৮ সালের একটি পুরোনো ভিডিও।
সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওয়াংচুককে বলতে শোনা যায়, ২০০৮ সালে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অভিনেতা আমির খানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানে তিনি আমিরকে সিয়াচেন সংঘাত নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দেন।
ওয়াংচুকের ভাষ্য, তিনি এমন একটি গল্পের ধারণা তুলে ধরেছিলেন, যেখানে ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষ একসঙ্গে সিয়াচেনের উত্তেজনা কমিয়ে সামরিক ব্যয়ের অর্থ শিক্ষাখাতে ব্যয়ের পথ তৈরি করে। তিনি এ–সংক্রান্ত একটি উপস্থাপনাও আমিরকে দেখিয়েছিলেন বলে দাবি করেন।
ভিডিওতে ওই অনুষ্ঠানের কিছু দৃশ্যও রয়েছে। সেখানে দেখা যায়, ওয়াংচুক একটি পুরস্কার গ্রহণ করছেন এবং দর্শকসারিতে বসে আমির খান করতালি দিচ্ছেন।
ওয়াংচুক জানান, ওই সাক্ষাতের কিছুদিন পর তিনি ‘আর্থ আর্কিটেকচার’ বিষয়ে পড়াশোনার জন্য ইউরোপে চলে যান। এরপর ২০০৯ সালের শেষ দিকে থ্রি ইডিয়টস মুক্তির পর বন্ধুরা তাকে ফোন করে জানান যে, ছবির প্রধান চরিত্রটি তার জীবন ও লাদাখে শিক্ষা সংস্কার নিয়ে করা কাজের সঙ্গে অনেকটাই মিলে যায়।
কৌতূহলবশত তিনি নিজের প্রতিষ্ঠিত স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন, ছবির একটি ইউনিট সেখানে শুটিংয়ের জন্য গিয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। কারণ তারা প্রকল্পের বিস্তারিত জানায়নি এবং প্লাস্টিক সামগ্রী ব্যবহারের পরিকল্পনা করেছিল, যা স্কুলের পরিবেশবান্ধব নীতির পরিপন্থী ছিল।
পরে শুটিংটি কাছের আরেকটি স্কুলে করা হয় বলে দাবি করেন ওয়াংচুক।
Aamir khan met Sonam wangchuk in 2008 at CNN IBN event (clip attached) https://t.co/dBC0tKv4rW pic.twitter.com/1egmiITpn8
আমিরের বক্তব্য ঘিরেই ফের বিতর্ক
ভিডিওটি সামনে আসে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খানের দেওয়া এক বক্তব্যের পর। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, থ্রি ইডিয়টস’র ফুনসুক ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুককে অনুসরণ করে তৈরি—এ ধারণা ভুল।
আমিরের দাবি, ছবি নির্মাণের সময় তিনি, পরিচালক রাজকুমার হিরানি কিংবা চিত্রনাট্যকার অভিজাত জোশী—কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না।
এই বক্তব্যের পর ভারতের বিরোধী রাজনৈতিক নেতাদের কেউ কেউ সমালোচনা করেন। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) রাজ্যসভার সদস্য মনোজ ঝা প্রশ্ন তোলেন, এত বছর পর কেন আমির এ ব্যাখ্যা দিচ্ছেন। একইসঙ্গে তিনি ওয়াংচুকের চলমান অনশন কর্মসূচির প্রসঙ্গও উল্লেখ করেন।
আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং অভিযোগ করেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলতে অনেক জনপরিচিত ব্যক্তি এখন অনীহা দেখাচ্ছেন।
অন্যদিকে কংগ্রেস নেতা হুসেন দলওয়াই আমিরকে ওয়াংচুকের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর আহ্বান জানান।
সামাজিকমাধ্যমে বিভক্ত মত
এই বিতর্কে সামাজিকমাধ্যমেও দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষের দাবি, ২০০৮ সালের এই ভিডিও প্রমাণ করে থ্রি ইডিয়টস মুক্তির আগেই আমির ও ওয়াংচুকের পরিচয় হয়েছিল। তাই আমিরের সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
অন্যদিকে অনেকেই আমিরের পক্ষে অবস্থান নিয়ে বলছেন, একজন তারকা কর্মজীবনে অসংখ্য মানুষের সঙ্গে দেখা করেন। বহু বছর পর সব সাক্ষাতের কথা মনে না থাকাও স্বাভাবিক।
পুরোনো এই ভিডিও সামনে আসার পর থ্রি ইডিয়টস’র ফুনসুক ওয়াংডু চরিত্রের অনুপ্রেরণা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে।
তবে আমির খান এখনও দাবি করে আসছেন, ছবি নির্মাণের সময় সোনম ওয়াংচুক তার পরিচিত ছিলেন না।
অন্যদিকে ২০০৮ সালের সেই সাক্ষাতের ভিডিও নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

