৭ মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কবির হোসেন পেশায় রিকশাচালক। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে থাকতেন।

নিহত রাফা মনির মা লিমা আক্তার ডেইলি স্টারকে বলেন, গতকাল পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি আমার কোল থেকে রাফাকে নিয়ে আছাড় মারেন। পরে আশপাশের লোকজন এসে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বুধবার মধ্যরাতে রাফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

এসআই মেহেদী হাসান বলেন, খবর পেয়ে বুধবার রাতেই কবিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Related Articles

Latest Posts