সুইজারল্যান্ডের কঠিন প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমে গোল করে জয়ের অন্যতম নায়ক বনে যাওয়া লাউতারো মার্তিনেজ বলছেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যেন একেকটি যুদ্ধ। তবে সেই যুদ্ধ জিতে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি মহারণের অপেক্ষায় এখন আলবিসেলেস্তেরা।
কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে লাউতারো। তাতে ৩-১ ব্যবধানের জয়ে শেষ চার নিশ্চিত হয় আর্জেন্টিনার। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর এই জয়কে ‘বিশাল স্বস্তির’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
বেঞ্চ থেকে নেমে দলের তৃতীয় গোলটি করেন লাউতারো। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটি ছিল বিশাল স্বস্তির জয়। আমরা খুব কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম। পুরো বিশ্বকাপই খুব কঠিন যাচ্ছে। আবারও আমাদের সর্বস্ব উজাড় করে খেলতে হয়েছে। সৌভাগ্যক্রমে আমরা গোল পেয়েছি এবং জয় নিশ্চিত করতে পেরেছি।’
নিজের গোলের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার, ‘আজ হুলিয়ান (আলভারেজ) অসাধারণ একটি ম্যাচ খেলেছে। আমি যতটা সম্ভব দলকে সাহায্য করার চেষ্টা করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি এবং পরের ধাপে উঠেছি।’
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় আছেন বলেও জানান তিনি, ‘আমরা জানি সামনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ অপেক্ষা করছে। এটি দারুণ একটি ম্যাচ হবে, যেটি আমরা উপভোগ করতে চাই।’
শেষে জাতীয় দলের প্রতি নিজের আবেগের কথাও প্রকাশ করেন লাউতারো, ‘এই খেলোয়াড়দের দলে, এই জাতীয় দলে এবং এই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

