স্পেনে ভয়াবহ দাবানলে মৃত ১১, নিখোঁজ ১৯

স্পেনের একটি গ্রামে ভয়াবহ দাবানলে ১১ জনের প্রাণহানি হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১৯ জন নিখোঁজ হয়েছেন। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

নিজেদের গাড়ির ভেতর থাকা অবস্থায় পুড়ে মারা গেছেন চার ব্যক্তি। তারা ব্রিটিশ নাগরিক হতে পারেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অনেকেই লস গাইয়ারদোস জেলার ছোট গ্রাম বেদার ভ্রমণে আসা বিদেশি পর্যটক হতে পারেন। 

তাদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। 

কর্তৃপক্ষ জানায়, দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে অনেকে দুর্গম বনাঞ্চল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

স্পেনের দক্ষিণে অবস্থিত আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়ার উত্তর-পূর্বে প্রায় ৪০০ দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঝোপঝাড়ে আগুন লাগার পর সেখান থেকে দাবানলের সূত্রপাত হতে পারে।

এমন সময়ে এই দাবানল ছড়িয়ে পড়ে, যখন তাপপ্রবাহে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স।  

আজ শুক্রবার দুই দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস ছিল। একই সময়ে দুই দেশেই একাধিক দাবানল জ্বলছিল।

আন্দালুসিয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘এ মুহূর্তে আমরা নিশ্চিত হয়েছি যে লস গাইয়ারদোসের দাবানলে ১১ জন প্রাণ হারিয়েছেন। এমন শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘সবকিছুই ইঙ্গিত করছে যে মৃতদের বেশির ভাগ কিংবা সবাই বিদেশি নাগরিক।’ 

সান্স বলেন, নিহত চারজন একটি ডান-হাতি স্টিয়ারিংযুক্ত (রাইট-হ্যান্ড ড্রাইভ) গাড়িতে ছিলেন। এতে ধারণা করা হচ্ছে তারা ব্রিটিশ নাগরিক। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

তিনি দাবানলটিকে ‘অত্যন্ত জটিল ও অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়া’ আগুন হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, যে এলাকায় আগুন লেগেছে সেখানে অনেক গিরিখাত এবং বনাঞ্চলের মধ্যে বসতি রয়েছে।

আন্দালুসিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, আগুন লাগার খবর জানিয়ে ১৫০টিরও বেশি ফোনকল পায় জরুরি সেবা বিভাগ। 

গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়ক থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল।

সান্স জানান, এ ঘটনায় আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

এছাড়া প্রায় ৩ হাজার ১৫০ হেক্টর (৭ হাজার ৭৮০ একর) বন ও কৃষিজমি পুড়ে গেছে।

আন্দালুসিয়ার প্রাদেশিক সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো বনিয়া স্থানীয় গণমাধ্যমকে জানান, আরও ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সরকারের বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ছিঁড়ে পড়া তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত সড়কের পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।’

দাবানল ছড়িয়ে পড়ায় সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় ১৫০ জনকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।
দমকলকর্মীদের সহায়তায় স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে লিখেছেন, দাবানলের ভয়াবহ পরিণতিতে তিনি ‘গভীরভাবে শোকাহত ও মর্মাহত’।

গত মে মাসে সানচেজ বলেছিলেন, এ বছর গ্রীষ্মে দাবানল মোকাবিলায় স্পেন ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তুতি মোতায়েন করবে।

তীব্র তাপপ্রবাহের মধ্যেই এই দাবানল দেখা দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় অতিরিক্ত তাপমাত্রার কারণে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ’ জারি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হয়েছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বড় ধরনের দাবানলের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।
 

Related Articles

Latest Posts