বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক সময় বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
এ সময়ে জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্ব করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে, গত ৬ জুলাই বান্দরবানে হঠাৎ ভারী বর্ষণ শুরু হলে জেলার সব পর্যটন কেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

