উগ্রবাদে সংশ্লিষ্টতার অভিযোগ: আতাউল্লাহ শাহকে এনসিপি থেকে বহিষ্কার

উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতা ও এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে আতাউল্লাহ শাহকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

আতাউল্লাহ এনসিপি গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপি দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা দ্য ডেইলি স্টারকে তার বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আতাউল্লাহর বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদ, দলের সব স্তরের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাদিয়া ফারজানা দিনা জানান, দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির প্রতিনিধিরা যখন গাজীপুর সফরে যান, তখন গাজীপুর মহানগর কমিটির সদস্যরা আতাউল্লাহর বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমাকে জানানো হয় এবং পরে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।’

দিনা বলেন, ‘আতাউল্লাহ দীর্ঘদিন ধরে তার ফেসবুক পোস্ট, বক্তব্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামি উগ্রবাদকে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। এ ধরনের কর্মকাণ্ড এনসিপির অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। অভিযোগ পাওয়ার পরপরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

উল্লেখ্য, গত ৫ জুলাই যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে আতাউল্লাহসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা মার্শাল আর্ট প্রশিক্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘খেলাফত’ প্রতিষ্ঠার উদ্দেশ্যে উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন।

পরে আদালতের নির্দেশে আতাউল্লাহসহ ৬ জনকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।

Related Articles

Latest Posts