গাজার শাসনকারী সংস্থা বিলুপ্ত করল হামাস

ফিলিস্তিনি ইসলামপন্থি আন্দোলন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে বেসামরিক প্রশাসনের দায়িত্ব একটি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তরের পথ উন্মুক্ত হলো।

হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা আজ সোমবার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি গাজা প্রশাসনের জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) কাছে প্রশাসনিক ও সরকারি দায়িত্ব হস্তান্তর সহজ করতে কমিটিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় যুদ্ধ-পরবর্তী বেসামরিক প্রশাসন পরিচালনার লক্ষ্যে এনসিএজি গঠিত হয়। এই উদ্যোগে মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিসও’ ভূমিকা রাখে।

হামাসের এ সিদ্ধান্তকে গাজার প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
 

Related Articles

Latest Posts