যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় ৯০ মিনিটের ফোনালাপ হয়েছে। এসময় পুতিনকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট সহায়তার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার তুরস্কে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলনের আগে গতকাল শনিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্প এবং ‘সমগ্র আমেরিকান জনগণকে’ শুভেচ্ছা জানিয়েছেন।
চলতি বছরে এটি ছিল পুতিন ও ট্রাম্পের চতুর্থ ফোনালাপ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আলোচনা ছিল ‘কর্মমুখী এবং অত্যন্ত গঠনমূলক’। একই সঙ্গে ট্রাম্প ‘ইউক্রেন সংঘাতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়তা করার প্রস্তুতি’ পুনর্ব্যক্ত করেছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ‘রাশিয়া আবারও জোর দিয়ে বলেছে, সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই তাদের পছন্দ। তবে কিয়েভ এবং তাদের ইউরোপীয় সমর্থকেরা যুদ্ধ দীর্ঘায়িত করা, এমনকি আরও তীব্র করার দিকেই ঝুঁকছে।’
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার তারও ট্রাম্পের সঙ্গে ‘খুব ভালো একটি ফোনালাপ’ হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটানোর বাস্তব সম্ভাবনা রয়েছে, আর এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় দুদিনের ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কেননা গত মাসে ন্যাটোয় নিজেদের অবদান পুনর্বিন্যাসের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, জোটটির উচিত যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না থাকা।

