নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অজ্ঞাত স্থানে হত্যার পর তার মরদেহ লেপ-তোশকে মুড়িয়ে ফেলে রাখা হয় সড়কের পাশে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত মো. মোতালেব হোসেন (৬১), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তার বইয়ের দোকান ও বিকাশ এজেন্টের ব্যবসা ছিল।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

