সেই ১৯৩০ সাল থেকে শুরু। এই ৯৬ বছরে কম রথী-মহারথীর পা পড়েনি ফুটবল বিশ্বকাপে। ক্যারিয়ার শেষে কিলিয়ান এমবাপে নিজেকে ফুটবল কিংবদন্তিদের তালিকায় কোথায় নিয়ে যাবেন তা সময়ই বলবে, তবে আজকের ম্যাচে এমন এক বিরল রেকর্ড তিনি করেছেন, যা পুরো বিশ্বকাপ ইতিহাসে এমবাপের আগে করে দেখাতে পারেননি আর কেউ।
অনেক খ্যাতনামা ফুটবলারের যেখানে পুরো ক্যারিয়ার মিলিয়েও বিশ্বকাপে ১০টি গোল নেই, সেখানে এমবাপে কেবল নক-আউট পর্বের ম্যাচগুলোতেই ১০ গোল করেছেন! বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই রেকর্ড কেবল এমবাপেই করে দেখাতে পেরেছেন।
মাত্র তৃতীয় বিশ্বকাপে অংশ নেয়া এমবাপে এই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন দুই ব্রাজিলিয়ান লিওনিদাস ও রোনালদো নাজারিওর কাছ থেকে। নকআউটে ৮ গোল নিয়ে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন তারা। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে এটিকে দুই অঙ্কের ঘরে তুলে দিলেন ফরাসি তারকা।
নিজের প্রথম বিশ্বকাপ ২০১৮ তে নকআউট পর্বে তিন গোল করেছিলেন এমবাপে। শেষ ষোলোতে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারানো ম্যাচ দুই গোল, আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে পেলের পর দ্বিতীয় টিনেজার হিসেবে করেছিলেন এক গোল।
স্বপ্নের মতো কাটানো ২০২২ বিশ্বকাপের নকআউটে তিনি ছিলেন আরও দুর্দমনীয়। নকআউটে সেবার তিনি করেছিলেন ৫ গোল। এর মধ্যে শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে দুটি, আর আর্জেন্টিনার বিপক্ষে সেই মহাকাব্যিক ফাইনালে তো হ্যাটট্রিকই করলেন।
আগের দুই আসরের ৮ গোলের সাথে আজ সুইডেনের সাথে করা দুই গোল মিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে মোট ১০ গোলের মালিক হলেন এমবাপে। এই রেকর্ডের মাহাত্ম্য বোঝাতে স্রেফ একটি তথ্যই যথেষ্ট। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি, তাঁর নকআউট গোলের সংখ্যা ৫। এই পাঁচটি গোলই এসেছিল কাতার বিশ্বকাপে, অর্থাৎ প্রথম চার বিশ্বকাপের প্রতিটিতেই নকআউট পর্বে খেললেও কোনো গোল করতে পারেননি মেসি। কাতার বিশ্বকাপে তবু সেই আক্ষেপ ঘুচেছে মেসির, ক্রিস্তিয়ানো রোনালদো ৬টি বিশ্বকাপে অংশ নিয়ে নক আউট পর্বে এখনও একটিও গোল করতে পারেননি!
গত বিশ্বকাপের মতো এবারও মেসি-এমবাপের দ্বৈরথ চলছে দেখার মতো। বিশ্বকাপের একই আসরে দুই দলের দুই ফুটবলার একই সাথে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও গোল্ডেন বুট জেতার জন্য লড়ছেন, এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সৌজন্যে দর্শকেরা সাক্ষী হচ্ছেন এমনি এক বিরল প্রতিযোগিতার। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির পাশে বসেছেন এমবাপে। আর সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ফ্রেঞ্চ তারকা পিছিয়ে স্রেফ এক গোলে।
নরওয়ের বিপক্ষে গোল না পাওয়া এমবাপে বাকি তিন ম্যাচেই করেছেন দুটি করে গোল। ছয় গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও আছে তাঁর দখলে।
আর সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও মেসির সাথে ব্যবধান কমিয়ে এনেছেন এমবাপে। ২৯ ম্যাচে ১৯ গোল নিয়ে শীর্ষে মেসি, সেখানে মাত্র ১৮ ম্যাচে ১৮ গোল নিয়ে দুইয়ে এই রিয়াল মাদ্রিদ তারকা। এবারের বিশ্বকাপে যে দুরন্ত গতিতে এগোচ্ছেন এমবাপে, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এমবাপের কাছে মেসিকে রেকর্ডটি খোয়াতে হয় কি না, সেটি নিয়েই এখন আলোচনা!

