৫২ বছর পর গ্যালাক্সি ছাড়ছেন সালমান খান!

মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ও সালমান খান, দুটো নাম যেন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। ঈদ হোক বা জন্মদিন, বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানানোর সেই পরিচিত দৃশ্য ভক্তদের চিরচেনা দৃশ্য।

কিন্তু এবার সেই ছবিটা হয়তো বদলে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রায় ৫২ বছর পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে উঠতে পারেন সালমান খান।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বান্দ্রাতেই সমুদ্রের কাছাকাছি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন সালমান খান। ভবনটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি দূরে নয়, চিম্বাই এলাকার শান্ত পরিবেশে অবস্থিত। জমিটি সালমানের মা সালমা খানের নামে নিবন্ধিত।

জানা গেছে, নতুন ভবনটিতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং তার ওপর ছয়টি আবাসিক তলা। পুরো ভবনের নির্মাণ এলাকা হবে প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার।

যে জায়গায় নতুন ভবনটি তৈরি হবে, সেখানে একসময় একটি দোতলা বাড়ি ছিল। তবে সেটি কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেক আগেই ভেঙে ফেলা হয়েছিল। এখন সেই জায়গাতেই গড়ে উঠবে নতুন বাড়ি।

যদিও সালমান বা তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ার ঘোষণা দেওয়া হয়নি। তবে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি গত ১৬ জুন নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত কয়েক বছরে সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেক বেড়েছে। ২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ওই হামলার সঙ্গে জড়িত।

এরপর থেকেই ভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। সালমান খান পান ওয়াই-প্লাস নিরাপত্তা। নিজের ফ্ল্যাটেও বসানো হয় বুলেটপ্রুফ কাচসহ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।

এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, আগে অনেক সময় ভক্তরা তার বারান্দায় উঠে আসারও চেষ্টা করতেন। এমনকি কখনো কখনো সেখানে কাউকে ঘুমিয়েও থাকতে দেখা গেছে। এসব কারণেই নিরাপত্তা আরও জোরদার করতে হয়েছে।

মজার বিষয় হলো, বড় বিলাসবহুল বাংলোয় থাকার সুযোগ থাকলেও সালমান বরাবরই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকতে পছন্দ করেছেন।

২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তার বাবা-মা ওপরের তলায় থাকেন বলেই তিনি কখনো এই ফ্ল্যাট ছেড়ে যেতে চাননি।

Related Articles

Latest Posts