ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি গৌরীপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ আছে।
বুধবার রাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত প্রায় ১০টা ৫০ মিনিটে ট্রেনটি গৌরীপুর স্টেশন ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর পর এ দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা যাত্রী ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

