নরসিংদীর পলাশ উপজেলায় মুমূর্ষু অবস্থায় এক বৃদ্ধকে মাইক্রোবাস থেকে ফেলে দেওয়ার সময় চালককে আটক করে থানায় হস্তান্তর করেছে এলাকাবাসী।
এর আগে এলাকাবাসী মাইক্রোবাসচালক মনির হোসেনকে (৪০) মারধর করে।
আজ বুধবার সকালে উপজেলার বাগদি এলাকায় পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাস থামিয়ে চালক রক্তাক্ত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। সে সময় তাকে আটক করা হয়। উপস্থিত জনতা তাকে মারধর করে এবং থানায় জানায়। পুলিশ এসে চালককে হেফাজতে নেয়। সেই সঙ্গে মুমূর্ষু বৃদ্ধকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
যোগাযোগ করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মামুন খান বলেন, ‘গুরুতর আহত ওই ব্যক্তিকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল। এর ২০-২৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।’
ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে,’ বলেন এই চিকিৎসক।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসচালক জানিয়েছেন, ঢাকার গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ব্যক্তি হাসপাতালে নেওয়ার জন্য ওই মুমূর্ষু বৃদ্ধকে তার গাড়িতে তুলে দিয়েছিলেন।’
‘পুলিশি ঝামেলার আশঙ্কায় তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন,’ বলেন শাহেদ।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

