নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে এই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই নয়জন এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
আজ বুধবার সকালে বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর চারটার দিকে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্তচৌকি (বিওপি) এলাকা দিয়ে এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু।
খবর পেয়ে আদাতলা সীমান্তচৌকির বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই নয়জন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে।
এর আগে চলতি মাসের ৫ ও ৮ জুন পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছিল বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

