যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চললেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের ভিন্ন অবস্থানে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশে অনুমতি দিয়েছে ইরান। তবে তেহরান সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।
আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য খুলে দেওয়া বা আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই।
তিনি আরও বলেন, ‘পারমাণবিক ইস্যু নিয়ে আমাদের কোনো বিস্তারিত আলোচনা হয়নি।’
যদিও একদিন আগে গতকাল সোমবার জেডি ভ্যান্স বলেছিলেন, আইএইএ পরিদর্শকদের কাজ করার সুযোগ দিতে রাজি হয়েছে ইরান।
তিনি এটিকে বড় অগ্রগতি এবং পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখার পথে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে দুই পক্ষের ভিন্ন বক্তব্য ৬০ দিনের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সম্পন্ন করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।
প্রাথমিক সমঝোতা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে একটি পূর্ণাঙ্গ চুক্তি করার লক্ষ্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক কর্মসূচির পাশাপাশি লেবানন সংঘাতও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আরেকটি বড় বাধা হয়ে রয়েছে।
ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এখনো পুরোপুরি থামেনি। এ নিয়ে আজ ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

