বেনজীরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাল দুদক

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় নথি প্রস্তুত করে অনুরোধপত্রটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অনুরোধপত্রে বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলার তথ্য ও প্রমাণাদি রয়েছে।

দুদক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। পরে কূটনৈতিক মাধ্যমে তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হবে।

দুদক জানায়, বেনজীরকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে আজ মঙ্গলবা ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার ২ প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

তারা চলমান মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

দুদক কর্মকর্তারা জানান, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলার তথ্য-প্রমাণসহ আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নথিপত্রগুলো স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আমিরাতে পাঠানো হবে।

বন্দি প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর অধীনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান কর্মকর্তারা।

Related Articles

Latest Posts