ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘ছদ্মবেশী’ ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইংলিশ চ্যানেলে তারা রাশিয়ার ছায়া বহরের অন্তর্ভুক্ত (ছদ্মবেশী) একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। জাহাজটি আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় ছিল।

গতকাল শেষ রাতের দিকে শুরু হওয়া ছয় ঘণ্টার এই অভিযানে বিমান বাহিনীর চিনুক হেলিকপ্টার এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ডসহ একাধিক সামরিক যান অংশ নেয়। রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা এড়িয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার রুশ প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষ কর্মকর্তারা স্মার্টোস নামক ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নেন। ব্রিটেনের নেতৃত্বে এ ধরনের অপারেশন আগে কখনো হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, জাহাজটিকে এখন ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের অদূরে একটি নোঙরস্থলে নিয়ে যাওয়া হবে এবং সেটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিসের মতে, ইউক্রেন যুদ্ধের খরচ জোগাতে রাশিয়া তাদের এই শ্যাডো ফ্লিট ব্যবহার করে। জাহাজটি আটক করার মাধ্যমে পুতিনের অবৈধ যুদ্ধের বিরুদ্ধে একটি জোরালো পদক্ষেপ নেওয়া হলো।

তিনি আরও বলেন, এই ছায়া বহর অচল করে দেওয়ার অর্থ হলো, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বজায় রাখার রসদগুলোর ওপর সরাসরি চাপ সৃষ্টি করা এবং ইউরোপসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার রুশ সক্ষমতা কমিয়ে দেওয়া।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার ব্যবহৃত ছায়া বহরের সন্দেহভাজন শত শত জাহাজের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সাধারণত অস্পষ্ট মালিকানাধীন এই পুরনো ট্যাংকারগুলো যুক্তরাজ্যের বন্দরে নিষিদ্ধ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতে, এই অভিযান রাশিয়ার জন্য এক বড় ধাক্কা; যারা পুতিনের যুদ্ধকে মদদ দিচ্ছে তাদের জন্য এটি এক সতর্কবার্তা— কোনোভাবেই তারা পার পাবে না।

Related Articles

Latest Posts