ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের মিশন শুরু করতে যাচ্ছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এর মাঝে সোমবার সেলেসাওদের তারকা ফুটবলার ব্রুনো গিমারেস জোর দিয়ে বলেছেন, প্রাপ্য সম্মান তাদের পাওয়া উচিত।
ব্রাজিল তাদের পাঁচটি শিরোপার সর্বশেষটি জিতেছিল ২০০২ সালের বিশ্বকাপে। এরপর পাঁচটি আসরের চারটিতেই তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্টে ফিফা র্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল হিসেবে অংশ নিচ্ছে ব্রাজিল। তবে দলটিতে অতীতের মতো নজরকাড়া সুপারস্টারদের অভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও গিমারেসের মতে, ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়াদের নিয়ে গড়া বর্তমান স্কোয়াডকে হালকা করে দেখার সুযোগ নেই।
নিউজার্সিতে ব্রাজিল দলের বেস ক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেছেন, ‘বিশ্বের অন্য কোনো দলের জার্সির বুকেই পাঁচটি তারকা আঁকা নেই। ভিনি ও রাফিনিয়ার মতো আমাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে, যারা শীর্ষ ক্লাবগুলোতে খেলে। আমাদের খেলোয়াড়দের তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।’
আনচেলত্তির শিষ্যরা ১০ দলের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে পঞ্চম স্থানে থেকে। শীর্ষস্থানে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে ছিল। আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
বিশ্বকাপের মঞ্চে নামার আগে টানা দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। এর মাধ্যমে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে তারা। রিও দি জানেইরোতে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করার পর পর ওহাইওর ক্লিভল্যান্ডে মিশরকে দলটি হারায় ২-১ গোলে।
মিশরের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের প্রথম গোলটি করা গিমারেস আরও বলেন, ‘আমাদের অনুভূতি এর চেয়ে আর ভালো হতে পারত না। আমরা দুটি প্রীতি ম্যাচেই খুব ভালো খেলে জয় পেয়েছি। নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে আরও কয়েক দিন সময় আছে। তবে আমরা এখন পুরোপুরি প্রস্তুত।’
তিনি যোগ করেন, ‘বিশ্বকাপ শুরু হয়ে গেলে এর আগে কী ঘটেছে তা সবাই ভুলে যাবে। আশা করছি, আমরা জয় দিয়ে আসর শুরু করতে পারব এবং এটিই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্ত ভিত্তি গড়ে দেবে।’
‘সি’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতিকে মোকাবিলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে অভিজ্ঞ ইতালিয়ান কোচ আনচেলত্তির দল।

