রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ভোর ৪টার দিকে মিরপুর ১০ গোলচত্বরে ও সকাল ৬টার দিকে উত্তরখান এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিরপুরের দগ্ধরা হলেন—মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
আর উত্তরখানে আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) ও মেয়ে আঁখি আক্তার (৩০) দগ্ধ হয়েছেন।
মিরপুরে দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাসা মিরপুর পাইকপাড়া এলাকায়। তার স্বামী মিরাজ লেবারের কাজ করেন। ভোরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় কেউ একজন সিগারেট ধরাতেই গ্যাস বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে সেখানে থাকা লোকজন তাদের বার্ন ইনস্টিটিউট নিয়ে আসেন।
উত্তরখানে দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার ডেইলি স্টারকে জানান, তাদের বাসা উত্তরখান কাঁচকুড়া সাইনবোর্ড এলাকায়। ভোরে রান্না ঘর থেকে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা বাবা ও বোন দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ডেইলি স্টারকে বলেন, উত্তরখানের আলী হোসেনের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, মিরাজের দগ্ধ হয়েছে ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ ও বিপ্লবের ১০ শতাংশ। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

