সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার। সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হলো অভিজ্ঞ ডিফেন্ডার আফঈদা খন্দকারের প্রত্যাবর্তন।
ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে চমকপ্রদভাবে একাদশের বাইরে থাকা আফঈদা এবার ফিরেছেন রক্ষণভাগে। তার জায়গা করে দিতে বেঞ্চে যেতে হয়েছে সুরমা জান্নাতকে। আন্তর্জাতিক অভিষেকের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে নিয়মিত একাদশের অংশ ছিলেন সাবেক অধিনায়ক। ভারতের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে পেনাল্টি উপহার দেওয়ার পর সুরমার পারফরম্যান্স নিয়েও সমালোচনা হয়েছিল।
নেপালের বিপক্ষে আফঈদা খেলবেন কোহাতি কিসকু, সুরভী আক্তার আরফিন ও শামসুন্নাহার সিনিয়রের সঙ্গে চার সদস্যের রক্ষণভাগে। টানা দুই আসরের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ এবারও ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামছে।
বাটলার আরও দুটি পরিবর্তন করেছেন মাঝমাঠ ও আক্রমণভাগে। শামসুন্নাহার জুনিয়র ও মনিকা চাকমার পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌরভী আকন্দ প্রীতি এবং উমেহলা মারমা। চোট কাটিয়ে ফেরা মনিকা ভারতের বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দে দেখা না যাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারতের কাছে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয় সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আরফিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, উমেহলা মারমা, মমিতা খাতুন, ঋতুপর্ণা চাকমা, আনিকা সিদ্দিকী ও সৌরভী আকন্দ প্রীতি।

