সড়কবাতির প্রযুক্তি ‘জ্ঞান’ নিতে ফ্রান্স যেতে রাজশাহী সিটি প্রশাসকের চিঠি, খরচ বেসরকারি প্রতিষ্ঠানের

আধুনিক সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে ‘জ্ঞান’ নিতে ১১ দিনের সফরে ফ্রান্স যেতে সরকারের অনুমতি চেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান।

গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সই করা চিঠিতে বলা হয়, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্স নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

চিঠি অনুযায়ী, রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট প্রশাসকের সফরসঙ্গী হবেন। আগামী ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তাদের ফ্রান্সে অবস্থান করার কথা।

চিঠিতে উল্লেখ করা হয়, তারা সিগনিফাই ফ্রান্সের ‘আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার’ পরিদর্শন করবেন। সেখানে তারা আধুনিক ও সাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তিগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবেন।

চিঠিতে আরও বলা হয়, এই সফরটির সব খরচ বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড এবং এতে সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না।

যোগাযোগ করা হলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আব্দুল গাফফার দ্য ডেইলি স্টারকে বলেন, এই সফরের উদ্দেশ্য আধুনিক নগরের সড়কবাতি ব্যবস্থা নিয়ে জ্ঞান বিনিময় করা।

তিনি বলেন, রাজশাহী ‘আলোর শহর’ হিসেবে পরিচিত। ফ্রান্সে আমাদের একটি মিনি সিটি রয়েছে, যেখানে আমরা দেখাই কীভাবে নগরীর আলোক ব্যবস্থা কাজ করে এবং কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

‘যেহেতু রাসিকে নতুন প্রশাসক এসেছেন, তাই প্রযুক্তিটি পর্যবেক্ষণ করতে এবং এটি কীভাবে কাজ করে তা বোঝার জন্য আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা টেকসই ও বিদ্যুৎ সাশ্রয়ী নগরীর ওপর একটি কর্মশালারও আয়োজন করব। এর সব খরচ সিগনিফাই বাংলাদেশ বহন করবে,’ বলেন তিনি।

এ বিষয়ে মন্তব্য জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইটকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘বিদেশ ভ্রমণের অনুমতির জন্য মন্ত্রণালয়ে শুধু অনুরোধ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবের কোনো অনুমোদন আসেনি। তাই প্রশাসক ও প্রকৌশলী বিদেশ সফরে যাচ্ছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

Related Articles

Latest Posts