মশা নিয়ন্ত্রণ শিখতে চসিক মেয়রের বিদেশ সফরে প্রধানমন্ত্রীর ‘না’

মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’র অর্থায়নে প্রস্তাবিত এ সফরের উদ্দেশ্য ছিল মশা নিয়ন্ত্রণ ও দমন ব্যবস্থার আধুনিক পদ্ধতি পর্যবেক্ষণ করা।

প্রস্তাবটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মশা দমন বা নিয়ন্ত্রণ শেখার কিংবা তা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। সূর্যাস্তের পর দেশে যেকোনো স্থির পানির উৎসের পাশে দুই-তিন ঘণ্টা সময় কাটালেই মশা নিয়ন্ত্রণের বহু উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘আগের সরকার বিভিন্ন প্রকল্প-সংশ্লিষ্ট বিদেশ সফরের নামে কর্মকর্তাদের বিদেশে পাঠাত। এতে প্রায়ই রাষ্ট্রীয় অর্থের অপচয় হতো।’

রুমন আরও বলেন, ‘এ ধরনের সফর রাষ্ট্রীয় অর্থে হোক বা বিদেশি কোনো সংস্থার অর্থায়নে হোক, সেগুলো থেকে কার্যকর কোনো ফল পাওয়া যায়নি।’

এ উদ্যোগ সরকারি কর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানোর ব্যাপারে বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপের অংশ বলে বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে। 

Related Articles

Latest Posts