গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
এসপি হাবীবুল্লাহ বলেন, নিষিদ্ধ স্থানে বেপরোয়া ওভারটেকিংই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সেসময়ে বাসটিও অতিরিক্ত গতিতে চলছিল বলে জানা গেছে।
তিনি বলেন, সড়কের মোড় এলাকায় যেখানে চালকদের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলার কথা, সেখানে দুটি যানই বেপরোয়া গতিতে চলছিল। এ কারণে সংঘর্ষটি ভয়াবহ রূপ নেয়।
এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

