৬ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ চালু

প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের যমুনা সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উদ্ধারকাজ শেষে বিকেল ৫টার দিকে উল্লাপাড়া স্টেশন থেকে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লাইন পরিষ্কার হওয়ার পর বিকেল ৫টায় চিলাহাটী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হয়। সিরাজগঞ্জে অপেক্ষমাণ সিল্ক সিটি এক্সপ্রেসের কিছু আটকে পড়া যাত্রীদেরও এই ট্রেনে নেওয়া হয়েছে।’

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের কাছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু দিয়ে ঢাকা, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলগামী প্রায় ১২টি আন্তঃনগর ট্রেনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাকার কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।’

Related Articles

Latest Posts