ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মেস্তায়ায় দলের এমন দাপুটে পারফরম্যান্সে দারুণ খুশি হান্সি ফ্লিক। পাঁচ গোলের প্রতিটিতেই ডাগআউট থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জার্মান কোচ। তবে বড় ব্যবধানে জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তিনি। বরং এই ম্যাচেও উন্নতির জায়গা খুঁজে পেয়েছেন ফ্লিক। বিশেষ করে আরও বেশি পাস দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার তাগিদ দিয়েছেন তিনি।
‘৫-০ জয়ের পর এসব বলা দরকার কি না জানি না, তবে আমরা সব সময়ই আরও ভালো করতে পারি। আরও বেশি পাস দিয়ে ম্যাচটা কীভাবে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। সামনে অনেক ম্যাচ। তাই সব সময় নিজেদের শক্তি ও সামর্থ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে,’ ম্যাচ শেষে বলেন ফ্লিক।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে। লামিনে ইয়ামালের জোড়া গোলের সঙ্গে ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রির গোলে বড় জয় নিশ্চিত করে তারা। এমন পারফরম্যান্সের পরও ফ্লিকের বার্তা পরিষ্কার, এখানেই থেমে গেলে চলবে না।
ফ্লিক বলেন, ‘দারুণ একটি ম্যাচ ছিল। শুরু থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছি। আধিপত্য দেখিয়েছি, আর আমি ঠিক এটাই দেখতে চাই। আমরা যা করেছি, তাতে আমি অবাক নই। কারণ অনুশীলনে আমরা যে মানের ফুটবল নিয়ে কাজ করি, সেটাই মাঠে দেখিয়েছি। প্রায় নিখুঁত একটি ম্যাচ ছিল।’
গোল করার ক্ষেত্রেও দলের সামর্থ্যে সন্তুষ্ট ফ্লিক। লিগের প্রথম চার ম্যাচে কোনো স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই ১৭ গোল করেছে বার্সেলোনা। তবে এই পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবতে চান না কোচ। তার কাছে জয় এবং তিন পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফ্লিকের ভাষায়, ‘আমার কাছে বিষয়টা শুধু তিন পয়েন্টের। তবে মাঠে আমাদের যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে। জায়গাও পাওয়া যায়, আর প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ করলে আমরা ভালোভাবে সেই জায়গাগুলো কাজে লাগাতে পারি। এটা দেখতে ভালো লাগে। বিশেষ করে ৩৪ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা খুশি।’
তবে দলের আক্রমণভাগ ভালো করলেও একজন স্বীকৃত স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে, এই অবস্থান থেকে সরে আসছেন না ফ্লিক, ‘এতে আমাদের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে না। আমাদের একজন স্ট্রাইকার দরকার। তবে আমি খুশি যে পেদ্রিও গোল করেছে। মাঠে থাকা প্রত্যেক খেলোয়াড়ই গোল করতে পারে। আমরা জায়গাগুলো কাজে লাগাই এবং গোলের সুযোগের অপেক্ষায় থাকি।’
দলের তরুণ খেলোয়াড়দের ক্ষুধাই ফ্লিকের সন্তুষ্টির আরেকটি কারণ। তবে মৌসুমের শুরুতেই বড় কিছু অর্জন হয়ে গেছে, এমন আত্মতুষ্টি যাতে দলে না আসে, সেদিকেও সতর্ক তিনি, ‘সমর্থকেরা আমাদের পাশে আছে। আমরা তাদের জন্যই খেলি। আমরা কয়েকজন ভালো খেলোয়াড়ও দলে এনেছি। তবে খেলোয়াড়েরা খুবই ক্ষুধার্ত, আর তারা তরুণ। এটা কেবল শুরু। সামনে এখনও অনেক দীর্ঘ পথ যেতে হবে।’

