বার্সেলোনার শুরুটা শুধু দুর্দান্ত নয়, ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো। লা লিগায় প্রথম চার ম্যাচেই ১৭ গোল করে হান্সি ফ্লিকের দল এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবচেয়ে বেশি গোল করা দল।
ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় যেন গোলের উৎসবই বসিয়েছিল বার্সেলোনা। শুরু থেকেই দাপট দেখিয়ে শেষ পর্যন্ত স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আর এই জয়ের সঙ্গে চলতি লা লিগায় টানা চার ম্যাচেই জয় পেল ফ্লিকের দল।
চার ম্যাচে বার্সার গোল এখন ১৭টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দলই চলতি মৌসুমে এই সময় পর্যন্ত এত গোল করতে পারেনি। ক্লাব ইতিহাসেও এমন শুরু খুব বেশি দেখা যায়নি।
বার্সার ইতিহাসে কোনো মৌসুমের প্রথম চার লিগ ম্যাচে এর চেয়ে বেশি গোল এসেছে মাত্র দুইবার। ১৯৪৯-৫০ মৌসুমে ১৯টি এবং ১৯৫০-৫১ মৌসুমে ২১টি গোল করেছিল কাতালান ক্লাবটি। সেই তালিকায় এবার তৃতীয় স্থানে উঠে এসেছে ফ্লিকের বার্সা।
তবে মজার বিষয় হলো, এত দুর্দান্ত গোল-শুরুর পরও ওই দুই মৌসুমের কোনোটিতেই লিগ শিরোপা জিততে পারেনি বার্সা।
১৯৪৯-৫০ মৌসুমে বার্সার গোলবন্যার অন্যতম বড় উদাহরণ ছিল নাস্তিক দে তারাগোনার বিপক্ষে ১০-১ এবং সেভিয়ার বিপক্ষে ৭-০ জয়। কিন্তু একই মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে ৬-১ এবং অ্যাথলেটিক ক্লাবের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি।
পরের মৌসুমে গোলের ক্ষুধা আরও বেড়েছিল বার্সার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৮-২ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৭-১ গোলের দুর্দান্ত জয় এসেছিল। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ৬-৪ এবং রিয়াল মুরসিয়ার কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। শেষ পর্যন্ত সেই মৌসুমের লিগ শিরোপাও যায় অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরে।
১৭ গোলের তালিকায় ফ্লিকের সঙ্গে যারা
প্রথম চার ম্যাচে ১৭ গোল করার কীর্তি বার্সেলোনার ইতিহাসে এবারই প্রথম নয়। এর আগে ১৯৫৭-৫৮ মৌসুমে দোমিঙ্গো বালমানিয়ার অধীনে এবং ২০১১-১২ মৌসুমে পেপ গার্দিওলার শেষ মৌসুমেও বার্সা প্রথম চার ম্যাচে ১৭ গোল করেছিল।
কিন্তু সেই দুই মৌসুমেও শিরোপা জেতা হয়নি। ১৯৫৭-৫৮ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। একই ফল হয়েছিল ২০১১-১২ মৌসুমেও।
অর্থাৎ ইতিহাস বার্সাকে একটা সতর্কবার্তাই দিচ্ছে, গোলের রেকর্ড মানেই শিরোপার নিশ্চয়তা নয়।
বার্সার ইতিহাসে প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি গোলের তালিকাটি এমন—

