৪ মাস পার না হতেই ৫ ডিসি প্রত্যাহার

ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে কর্মস্থলে যোগদানের চার মাস পার না হতেই পাঁচ জেলার ডিসিকে প্রত্যাহার করলে সরকার।

প্রত্যাহারকৃত ডিসিরা হলেন নেত্রকোনার মো. সাইফুর রহমান, পঞ্চগড়ের কাজী সায়েমুজ্জামান, গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, কুষ্টিয়ার ইকবাল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জের শাহাদাত হোসেন মাসুদ।

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন হওয়ার পর ডিসি প্রত্যাহারের এটাই প্রথম উদ্যোগ।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

তাদেরকে প্রত্যাহার করা হলেও কোনো মন্ত্রণালয়ে পদায়ন না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া এই পাঁচ ডিসি গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে তাদের স্ব স্ব কর্মস্থলে যোগদান করেন।

এর মাধ্যমে চার মাস পূর্ণ হওয়ার আগেই তাদের ডিসি পদে দায়িত্বে ছেদ পড়লো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ডিসির দায়িত্বে থাকা অফিসারদের কর্মক্ষেত্রে অদক্ষতা বা দুর্নীতির অভিযোগ না উঠলে দুই থেকে তিন বছরের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।

তবে সরকার পরিবর্তন হলে ডিসি পরিবর্তন প্রশাসনের রীতি হিসেবে পরিগণিত।
 

Related Articles

Latest Posts