২০৩৪ সালে রাজস্ব-জিডিপি অনুপাত হবে ১৫ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী

জনগণকে কর দিতে উৎসাহিত করে ২০৩৪ সালে রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশে নিয়ে যাওয়া এ সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে তিনি আওয়ামী লীগ ও এর আগে বিএনপির শাসনামলে অর্থনৈতিক বিভিন্ন সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী ও অটোমেশনের মাধ্যমে কর-জিডিপির অনুপাত মধ্যমেয়াদে ১০ শতাংশ ও ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশ উন্নীতকরণ এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে কাজ সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক গণতন্ত্রায়ণ ও বিনিয়ন্ত্রণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা। অর্থাৎ, উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক ভোগ করতে পারে।’

আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ যৌক্তিক পরিমাণে বৃদ্ধি এবং জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এ সময় জানান অর্থমন্ত্রী।

সাধারণ মানুষের জীবনযাপন সহজ করতে মূল্যস্ফীতি ৫-৬ শতাংশে নামিয়ে আনা; ঋণের নির্ভরতা কমাতে কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও অটোমেশন করার পাশাপাশি করজাল বৃদ্ধি; পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা; জিডিপি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করতে এসএমই খাতকে গুরুত্ব দিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

Related Articles

Latest Posts