‘২০২৬ বিশ্বকাপই ব্রাজিলের শিরোপা জেতার উপযুক্ত সময়’, বলছেন কাফু

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের হেক্সা জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী দেশটির কিংবদন্তি অধিনায়ক কাফু। দুইবারের বিশ্বকাপ জয়ী এই তারকার মতে, ২৪ বছরের শিরোপা খরা কাটানোর জন্য এবারের আসরটিই ব্রাজিলের জন্য সবচেয়ে ‘চমৎকার সময়’।

সোমবার মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাফু বলেন, ‘শেষ শিরোপা জয়ের ২৪ বছর পর, আমি মনে করি এটি ব্রাজিলের জন্য এক উপযুক্ত মুহূর্ত। আমরা কার্লো আনচেলত্তির মতো একজন অভিজ্ঞ ও সফল কোচকে সঙ্গে পেয়েছি, যিনি ব্রাজিল দলের শক্তি ও গৌরব আরও বাড়িয়ে দেবেন।’

২০০২ সালে ইয়োকোহামায় জার্মানিকে হারিয়ে ব্রাজিলের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জয়ের সময় দলের অধিনায়ক ছিলেন কাফু। তারও আগে ১৯৯৪ সালে ইতালিকে হারিয়ে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সাবেক এই রাইট-ব্যাকের মতে, ব্রাজিলের মধ্যমাঠ ও আক্রমণভাগ আগে থেকেই শক্তিশালী। তাই আনচেলত্তি এবার রক্ষণভাগকে জমাট বাঁধার ওপর বেশি জোর দিয়েছেন। কাফুর যুক্তি হলো, ‘বিশ্বকাপে ব্রাজিল যদি গোল না হজম করে, তবে প্রতি ম্যাচে অন্তত একটি গোল করার ক্ষমতা তাদের আছে।’

দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের ওপরও অগাধ আস্থা কাফুর। নানা সময়ে বিতর্কে জড়িয়ে পড়া ভিনিসিয়াস সম্পর্কে তিনি বলেন, ‘বিতর্ক কাটিয়ে ওঠার সেরা মঞ্চ হলো বিশ্বকাপ। ফাইনালে যাওয়ার পথে এই আটটি ম্যাচে ভিনিসিয়াসের সামনে সুযোগ রয়েছে সারা বিশ্বকে নিজের সামর্থ্য দেখানোর।’

গত ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দারুণ খেলেন ভিনিসিয়াস। সেই ম্যাচে উজ্জ্বল ছিলেন ১৯ বছর বয়সী তরুণ তুর্কি এন্দ্রিকও। এন্দ্রিককে নিয়ে কাফু বলেন, ‘রিয়াল মাদ্রিদ তাকে লিওঁতে ধারে পাঠিয়ে দারুণ কাজ করেছে। এতে সে পরিণত হওয়ার সুযোগ পেয়েছে।’

বুকমেকারদের দৃষ্টিতে ২০২৬ বিশ্বকাপের শীর্ষ পাঁচটি ফেভারিট দলের তালিকায় রয়েছে ব্রাজিল। তবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এখন পর্যন্ত দৌড়ে সবার চেয়ে এগিয়ে।
 

Related Articles

Latest Posts