১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাব নিয়ে কাজ করছে রাশিয়া

আগামী বছরের মধ্যে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাব নিয়ে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষকে এ প্রস্তাব দিয়েছেন বলে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন।

রাশিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী এ সংখ্যা বাড়ানোর প্রস্তাবের দুই দেশ বিষয়টি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষই শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

গতকাল সোমবার মস্কোতে খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে আরও বেশি বাণিজ্যিক সম্ভাবনা আছে বলে উভয়পক্ষ সম্মত হয়।

গত কয়েক বছর ধরে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক ২ বিলিয়ন ডলারের বেশি।

রাশিয়ার বাজারে তৈরি পোশাক ও ওষুধ সামগ্রীসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্র খলিলুর রহমান।

বিষয়টি নিয়ে বাংলাদেশের কোনো ব্যবসায়িক প্রতিনিধি দল সেখানে গেলে রাশিয়া তাদের স্বাগত জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়টি প্রধান্য পায়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রস্তাব ছিল, কৃষি ও স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে রাশিয়ার একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর করা উচিত।

রুশ কর্তৃপক্ষ এতে সম্মত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

Related Articles

Latest Posts