১১ ডিআইজি ও ২ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১১ জন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ও দুইজন অতিরিক্ত ডিআইজিসহ মোট ১৩ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ বছর চাকরি সম্পন্ন করা যেকোনো সরকারি কর্মচারীকে কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর সুযোগ রয়েছে এ ধারাটিতে।

অবসরে পাঠানো ডিআইজরা হলেন—ঢাকা পুলিশ স্টাফ কলেজের ড. এএফএম মাসুম রব্বানী,  রংপুর পিটিসির কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামান, অ্যান্টি-টেররিজম ইউনিটের এজেডএম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তর ঢাকার শামীমা বেগম, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের মো. মুনিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন পার্বত্য জেলাসমূহের সালমা বেগম।

এছাড়া ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন ও রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেনকেও অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে ও এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের পেছনের বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসর-সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Latest Posts