হালান্ডকে বোতলবন্দী করতে চায় ব্রাজিল

রোববার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে সেলেসাওদের জন্য সবচেয়ে বড় হুমকি নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। গতি আর শারীরিক শক্তিতে প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করতে সিদ্ধহস্ত এই তারকাকে রুখে দেওয়ার ওপরই ম্যাচের ভাগ্য নির্ভর করছে বলে মনে করছে ব্রাজিল শিবির।

চলতি টুর্নামেন্টের অন্যতম ভয়ংকর এই ফরোয়ার্ডকে আটকানোর ছক নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলতে হবে না সে কীভাবে খেলে। তারা আমার চেয়েও তাকে ভালো চেনে, কারণ তার বিরুদ্ধে তারা অনেকবার খেলেছে। তবে অবশ্যই হালান্ডের শক্তি ও সামর্থ্যের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, কারণ সে খুবই বিপজ্জনক একজন ফরোয়ার্ড।’

এদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস মনে করেন, ম্যাচ নির্ধারণী ভূমিকা রাখার জন্য হালান্ড যাতে বলের জোগান না পান, সেটি নিশ্চিত করাই হবে তাদের মূল কাজ। গিমারেস বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে বল যেন তার কাছে না পৌঁছায়। আমরা আক্রমণে উঠব, তবে সব সময় কেউ না কেউ তার সঙ্গে আঠার মতো লেগে থাকবে যেন সে কোনো ফাঁকা জায়গা না পায়। কারণ আমরা জানি, মাত্র একটি বল পেলেই সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

হালান্ডের উচ্চতা ও নরওয়ের ফিজিক্যাল ফুটবলকে মাথায় রেখে এই ম্যাচটি বেশ কৌশলী এবং স্নায়ুচাপের হতে পারে বলে ধারণা করছেন গিমারেস। বিশেষ করে সেট পিস থেকে নরওয়ে ব্রাজিলকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

গিমারেস আরও যোগ করেন, ‘তারা আমাদের বক্সে অনেক বল ফেলবে এবং প্রতিটি কর্নার বা ফ্রি-কিক থেকে গোল করার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দেবে। তাদের সেই শক্তিকে নসাৎ করার জন্য আমরা সপ্তাহে অনেক অনুশীলন করেছি। এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।’

 

Related Articles

Latest Posts