হবিগঞ্জে বাস ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত

হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ এনে গত মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছিল হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

পরে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী।

রাত ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল।

মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস রোববার হবিগঞ্জের পরিবহন নেতাদের ঢাকায় ডেকেছেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আহ্বানে আগামী সোমবার পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে দীর্ঘদিন ধরে হবিগঞ্জের পরিবহন মালিকেরা বাস পরিচালনা করে আসছেন। তবে মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে বিভিন্ন সময়ে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারে হবিগঞ্জের ২৫টি বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর বৃহস্পতিবার ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু করেন মালিক-শ্রমিকেরা। বাসের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন গণপরিবহন বন্ধ থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

তিনি আরও জানান, রোববার দুপুর ২টায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মোটর মালিক সমিতির নেতাদের বৈঠক হবে। বৈঠকে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সমাধান না হলে ৬ অক্টোবর মঙ্গলবার থেকে আবার আন্দোলন শুরু হবে।

এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম রিপনের সঙ্গে যোগাযোগের বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Articles

Latest Posts