বিশ্বকাপ সেমিফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনকে নিয়ে যথেষ্ট সতর্ক ফ্রান্স। তবে সতর্কতা মানেই ভীত নয়, এ কথাও পরিষ্কার করে দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তার ভাষায়, লামিনে ইয়ামালদের গুণমান সম্পর্কে তারা পুরোপুরি সচেতন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না।
মঙ্গলবারের মহারণকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কোনাতে বলেন, ‘আপনি কাউকেই ভয় পেতে পারেন না। আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নেব এবং আশা করি শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই থাকবে।’
বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক গোল হজম করেছে স্পেন। দুর্ভেদ্য রক্ষণ, দারুণ ছন্দ আর টানা জয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে সুখস্মৃতি নেই ফ্রান্সের। ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং গত বছরের নেশন্স লিগের সেমিফাইনাল, দুইবারই স্প্যানিশদের কাছে হেরেছিল তারা।
তবু প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন না কোনাতে, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না, যদিও লামিনে ইয়ামাল দুর্দান্ত একজন ফুটবলার।’
এই বিশ্বকাপে ফ্রান্সের রক্ষণ সামলাচ্ছেন দায়ো উপামেকানো ও উইলিয়াম সালিবা। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। শেষ সাতটি বিশ্বকাপের মধ্যে চারবার ফাইনাল খেলেছে ফ্রান্স। এবারও ফাইনালে উঠতে পারলে ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মধ্যে চারটি ফাইনাল খেলা পশ্চিম জার্মানির কীর্তির পাশে নিজেদের নাম আরও দৃঢ়ভাবে বসাবে তারা।
তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ কোনাতে, ‘আমরা বিনয়ী থাকতে চাই। এই ফাঁদে পা দিতে চাই না।’
স্পেনের বিপক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের দুর্ভেদ্য রক্ষণ ভাঙা এবং উইংয়ে লামিনে ইয়ামালের দৌড় থামানো। ফরাসি ডিফেন্ডার ম্যাকসেন্স লাক্রোয়া মনে করেন, স্পেনকে সমীহ করলেও তাদের হারানো সম্ভব।
লাক্রোয়া বলেন, ‘আমি ভয় বলব না, তবে আমরা তাদের সামর্থ্য সম্পর্কে সচেতন। তারা (গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র ছাড়া) সব ম্যাচ জিতেছে। তাই তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্যও জেতা।’
ইয়ামালকে নিয়ে আলাদা পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, ‘আমরা যতটা সম্ভব ভালোভাবে রক্ষণ সামলাব। ইয়ামাল খুবই ভালো একজন খেলোয়াড়। এই বিশ্বকাপে সে দেখিয়েছে কীভাবে প্রতিপক্ষকে ভোগাতে হয়। তাকে থামাতে যা যা করা দরকার, আমরা সেটাই করব।’

