সৌদি আরব নয়, ২০২৭ স্প্যানিশ সুপার কাপ হবে তুরস্কে

অনেক বছর ধরেই স্প্যানিশ সুপার কাপের আসর বসছে সৌদি আরবে। তবে এবার বদলে যাচ্ছে ভেন্যু। তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। আগামী ২ থেকে ৭ ফেব্রুয়ারি এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

সাধারণত সৌদি আরবেই অনুষ্ঠিত হলেও ২০২৭ সালে একই সময়ে এশিয়ান কাপ থাকায় সেখানে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে এবার সৌদি আরবের বিকল্প হিসেবে ইস্তাম্বুলকে বেছে নিয়েছে আরএফইএফ।

টুর্নামেন্টের আয়োজক শহর চূড়ান্ত করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছিল। দীর্ঘ আলোচনা ও যাচাই-বাছাইয়ের পর তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলকেই বেছে নেওয়া হয়েছে।

এবারের আসরে অংশ নেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। লা লিগার চ্যাম্পিয়ন হিসেবে বার্সেলোনা সেমিফাইনালে মুখোমুখি হবে কোপা দেল রের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদের। অন্য সেমিফাইনালে কোপা দেল রের চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ হবে লা লিগার রানার্সআপ রিয়াল মাদ্রিদ।

অর্থাৎ ইস্তাম্বুলে চার জায়ান্টের লড়াই দিয়েই নির্ধারিত হবে ২০২৭ সালের স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন।

সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের চুক্তির বাইরে এবার ব্যতিক্রমীভাবে তুরস্কে টুর্নামেন্ট আয়োজন করলেও ২০২৮ সাল থেকে আবার সৌদি আরবেই ফিরবে স্প্যানিশ সুপার কাপ।

আরএফইএফ জানিয়েছে, ইস্তাম্বুলে আয়োজনের মাধ্যমে স্প্যানিশ ফুটবলের জন্য এই প্রতিযোগিতা থেকে পাওয়া আর্থিক সুবিধাও অব্যাহত থাকবে। সেই আয়ের সুফল স্পেনের পুরুষ ও নারী ফুটবলের বিভিন্ন স্তরের প্রায় এক হাজার ক্লাব পাবে।

এবারের আসরের তারিখও কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রচলিত সময়ের বদলে ২০২৭ সালের ২ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চার দলের এই জমজমাট লড়াই।

 

Related Articles

Latest Posts