দিনের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। ৫৩ রানেই নেই ৩ উইকেট। সেখান থেকে দলকে বিপর্যয় থেকে টেনে তুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ১৫৯ রানের জুটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চালকের আসনে বাংলাদেশ। যদিও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই।
রোববার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে। দিনের খেলা শেষ হওয়ার সময় লিটন দাস ৫ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত রয়েছেন।
এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৩, তানজিদ হাসান তামিম ৩১ এবং মুমিনুল হক ৭ রান করে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। এরপর শান্ত ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। দুজনই খেলেছেন ৮০-র ঘরে। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করেন। তাদের দৃঢ়তায় বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ।
শুরুর ধাক্কা সামলে এক পর্যায়ে শান্ত ও মুশফিক দুইজনই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশা ফিরতে হয় দুইজনকেই। তবে দ্বিতীয় সেশনের প্রায় শুরু থেকে ব্যাট করা এ দুই ব্যাটার চতুর্থ উইকেটে যোগ করেন ১৫৯ রান।
মুশফিকের বিদায়ে ভাঙে তাদের জুটি। জিয়াউর রেহমানের শর্ট বল কিপারের মাথার উপর দিয়ে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ফলে থামে ১৪৮ বলে ৮১ রানের ইনিংস। শান্ত অবশ্য চেষ্টা করেছিলেন। তবে কাইস আহমেদের বল অনেক বেশি টার্ন করে আঘাত হানে স্টাম্পে। ১৯১ বলে ৮২ রান করেন অধিনায়ক। এরপর জিয়ার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন হাসান মাহমুদ।
তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। এরপর মোহাম্মদ সেলিমের বাউন্সারে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন সাদমান ইসলাম। এরপর দলীয় ৪৪ রানে বিদায় নেন মুমিনুল হকও। ইয়ামিন আহমদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭ রান।
এর কিছুক্ষণ পরই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসেও শুরু করেছিলেন সাবলীলভাবে। তবে ইয়ামিন আহমদজাইয়ের বলে ব্যাট চালিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ফেরার আগে ৩৮ বলে করেন ৩১ রান। এরপরই দলের হাল ধরেছিলেন শান্ত ও মুশফিক।
এর আগে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। পাঁচ উইকেট নেওয়ার পথে রেকর্ড গড়া হ্যাটট্রিকও করেন এই পেসার। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

