আগের ম্যাচেই যাকে এক হাত নিয়েছিলেন, সেই ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসায় এবার পঞ্চমুখ থিয়েরি অঁরি। ৪১ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে সিআরসেভেনের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে স্টুডিওতে রীতিমতো বুঁদ হয়ে রইলেন অঁরি ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরা। প্রথম ম্যাচের সমালোচনা সরিয়ে এবার পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভাসালেন তারা।
ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচের পর রোনালদোকে নিয়ে বেশ কড়া সমালোচনা করেছিলেন সাবেক ফরাসি তারকা অঁরি। সেবার স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘দলকে গোল করতে হবে, তোমাকে নয়।’ মাঠে রোনালদোর অতি-আগ্রাসী মানসিকতা আর নিজেকেই সব ভাবার যে প্রবণতা, তা নিয়ে ধুয়ে দিয়েছিলেন সাবেক এই আর্সেনাল ফরোয়ার্ড। তবে ম্যাচের ব্যবধানেই বদলে গেল দৃশ্যপট। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর নিঃস্বার্থ ফুটবল আর দুর্দান্ত পারফরম্যান্স দেখে এবার আর প্রশংসায় কার্পণ্য করেননি অঁরি।
ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে অঁরি বলেন, ‘একটি বিষয় আমি উল্লেখ করতে চেয়েছিলাম—মনে আছে গতদিন আমি বলেছিলাম, আপনাকে নয়, দলকে গোল করতে হবে? ফ্রি-কিকে সে আজ যা করেছে, তা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, সে সবাইকে চমকে দিয়েছিল। সে দলের সঙ্গে মিলেমিশে খেলা একজন খেলোয়াড়। এভাবেই আপনি আপনার দলকে নেতৃত্ব দেবেন এবং সবার সঙ্গে ভাগ করে নেবেন। তাই, এই কাজের জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়।’
রোনালদোর মুভমেন্টের প্রশংসা করে অঁরি আরও যোগ করেন, ‘ম্যান ইউনাউটেডে ভ্যান নিস্টলরয় এমনটা করত, যাতে বলটি যখন বাড়ানো হবে, তখন সে যেন সবার সামনে থাকে এবং হয়তো গোল করতে পারে। আপনি যদি এই মানুষকে বল জোগান দেন এবং এই ধরনের রান নেন, তবে হ্যাঁ, সে গোল করবেই। গতদিনের চেয়ে এটি একটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার পারফরম্যান্স ছিল।’
এদিকে পর্তুগিজদের এই বড় জয়কে নিজের চেনা ঢঙেই ব্যাখ্যা করেছেন সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচ। রোনালদোর জোড়া গোল আর মাঠের পারফরম্যান্সের জবাবে ইব্রাহিমোভিচ হাসিমুখে বলেন, ‘আমার তো মনে হয় সে কখনো কোথাও যায়নি। এটা আসলে অফিসের একটা সাধারণ দিনের মতোই বিষয়, আর এখন সব অ্যাভেঞ্জারস একসঙ্গে।’ তবে পরের ম্যাচগুলোর জন্য দলকে সতর্ক করে তিনি বলেন, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না, কারণ পরের ম্যাচটি আজকের ম্যাচের চেয়ে অনেক বেশি কঠিন হতে যাচ্ছে।’
উজবেকিস্তানের বিপক্ষে এই জোড়া গোলের মাধ্যমে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা (১০ গোল) বনে গেছেন রোনালদো। একই সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও গড়েন এই মহাতারকা।

