সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলঙ্গা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হাটিকুমরুল এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে অটোরিকশাটি তাড়াশের দিকে যাচ্ছিল। পথে র‌্যাব অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি।

Related Articles

Latest Posts