সময় বাড়াল বাফুফে, দুশ্চিন্তায় আবাহনী-বসুন্ধরার ফুটবলাররা

আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ফিফার দেওয়া খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আরও চার দিন সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণের সময়সীমা আগামী ১১ আগস্ট পর্যন্ত বাড়ানোর পর এই সিদ্ধান্ত এসেছে।

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী এবং পাঁচবারের শিরোপাজয়ী বসুন্ধরা। আর গত মৌসুমে অবনমিত হলেও এবার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে ইয়ংমেন্স।

আগামী মৌসুমের ঘরোয়া ফুটবলে অংশ নেওয়ার জন্য তিনটি ক্লাবকেই ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে হবে। পাশাপাশি বাফুফের ক্লাব লাইসেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ও শর্ত পূরণ করতে হবে। তবে সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত কোনো ক্লাবই তা করতে না পারায় নতুন চুক্তির অপেক্ষায় থাকা ফুটবলাররা চরম উদ্বেগে রয়েছেন।

এর আগে ক্লাব লাইসেন্সিংয়ের শর্তসমূহ পূরণ ও খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ৪ আগস্ট ছিল নির্ধারিত শেষ সময়। প্রথম দফায় বাফুফে তা বাড়িয়ে করে ৭ আগস্ট। এবার দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ আগস্ট।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বসুন্ধরা কিংস ও আবাহনী— উভয় ক্লাবের কর্মকর্তারা আমাদের কাছে ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ানোর জন্য মৌখিক অনুরোধ জানিয়েছিলেন। দেশের ফুটবলের স্বার্থেই আমরা সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে আমরা সব ক্লাবের অংশগ্রহণ দেখতে চাই।’

আগামী মৌসুম সামনে রেখে দলবদলের কার্যক্রমের সময় শেষ হয়ে আসার কাছাকাছি পৌঁছালেও বসুন্ধরা ও আবাহনীর তারকা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। গত মৌসুমে বসুন্ধরার অধিনায়কের দায়িত্ব পালন করা তপু বর্মণ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ক্লাবগুলো নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করছে বলে আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। তবে দলবদলের সময়সীমা শেষ হয়ে আসছে দেখে খেলোয়াড়রা সবাই দুশ্চিন্তায় আছি।’

তপু আরও বলেন, ‘আমরা মন থেকে চাই বসুন্ধরা পেশাদার ফুটবল লিগে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করুক। কম পারিশ্রমিক পাওয়ার কারণে গত দুই মৌসুম ধরেই সব ক্লাবের ফুটবলাররা কষ্টে আছেন। এবার বসুন্ধরা যদি লিগে খেলতে না পারে, তবে ক্লাবটিতে খেলার অপেক্ষায় থাকা ৩০ থেকে ৩৫ জন ফুটবলারের পরিবার বড় ধরনের ধাক্কা খাবে।’

তিনি যোগ করেন, কিংসের অনুপস্থিতি দেশের ফুটবলেরও ক্ষতি করবে। কারণ খেলোয়াড়রা ক্লাবটির আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করা থেকে বঞ্চিত হবেন।

তবে ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার এখনও আশাবাদী। গতকাল বৃহস্পতিবার এক সভায় কিংসের সভাপতি ইমরুল হাসান খেলোয়াড়দের আশ্বাস দিয়েছেন যে, দ্রুতই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

গত মৌসুমে আবাহনীর জার্সিতে খেলা মিডফিল্ডার শেখ মোরসালিনও তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশায় আছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের শুধু এটা জানানো হয়েছে যে, ক্লাব নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করছে। কিন্তু নতুন চুক্তির বিষয়ে এখনো কিছু বলা হয়নি।’

তিনি যোগ করেন, উপযুক্ত কোনো চুক্তি করতে না পারলে চলতি মৌসুমে হয়তো ক্লাবহীনও থাকতে হতে পারে তাকে।

দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর পরিচালনা পর্ষদ নিষেধাজ্ঞা কাটানোর অর্থ জোগাড় করার চেষ্টা করছে। তবে আগামী মৌসুমের জন্য দল গঠনের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এখনও অন্ধকারে আছে তারা।

বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় বিলুপ্ত হয়ে যাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবসহ চারটি ক্লাবের ওপর গত মৌসুমে দলবদলের নিষেধাজ্ঞা জারি করে ফিফা। শেখ জামাল দৃশ্যপট থেকে হারিয়ে গেলেও বসুন্ধরা, আবাহনী ও ফকিরেরপুল তাদের বকেয়া নিষ্পত্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এই তিনটি ক্লাবের মধ্যে আবাহনী নিষেধাজ্ঞা কাটানোর সবচেয়ে কাছাকাছি রয়েছে। ইতোমধ্যে তাদের দুটি নিষেধাজ্ঞা উঠে গেছে। আর শেষ নিষেধাজ্ঞাটিও দ্রুতই প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। ক্লাবটির এক কর্মকর্তা জানান, এক সিরিয়ান খেলোয়াড়ের বকেয়া অর্থের একটি অংশ ইতোমধ্যে পাঠানো হয়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই তারা নিষেধাজ্ঞামুক্ত হতে পারে।

তবে বসুন্ধরার পরিস্থিতি এখনও অস্পষ্ট। গত ৫ আগস্ট ফিফা নতুন করে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ক্লাবের কোনো কর্মকর্তাই প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। সব মিলিয়ে ১২টি নিষেধাজ্ঞা আছে তাদের নামের পাশে। আর ইয়ংমেন্সের বিরুদ্ধে রয়েছে দুটি নিষেধাজ্ঞা।

ফিফার নিষেধাজ্ঞা থাকলে কোনো ক্লাব নতুন খেলোয়াড় যেমন নিবন্ধন করাতে পারে না, তেমনি ঘরোয়া লিগে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ক্লাব লাইসেন্স পাওয়াও অনিশ্চিত হয়ে পড়ে।

আগামী ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা। এরপর ২৪ আগস্ট মাঠে গড়াবে ফেডারেশন কাপ। আর ২৮ আগস্ট শুরু হওয়ার কথা বিএফএল।

Related Articles

Latest Posts